স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তিন দিন পর আজ ফিফা প্রীতি সিরিজের শেষ ম্যাচ। থিম্পুর চ্যাংলামিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় অবশ্যই বাংলাদেশের দৃষ্টি থাকবে জয়ে। তবে দলের ব্রিটিশ কোচ এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষাও করবেন। মূলত বেঞ্চের ফুটবলারদের পরখ করে দেখতে চাইবেন তিনি। সবাইকে গেমটাইম দেওয়ার ইঙ্গিত মিলেছে কোচের কথাতেই। আর অধিনায়ক সাবিনা খাতুন ও প্রথম ম্যাচের জয়ের নায়ক অভিষিক্ত সাগরিকার চাওয়া জয় দিয়ে ভুটান সফর শতভাগ সফল করা।
শুক্রবার অনুশীলনের পর বাটলার এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের একঝাঁক খেলোয়াড় রয়েছে। তাদের ওয়ার্কলোড বণ্টন করে দেওয়ার কথা ভাবতে হবে। যেসব খেলোয়াড় ম্যাচটাইম পায়নি, তারা যেন ম্যাচ খেলতে পারে, সেদিকে নজর রয়েছে। অবশ্য সবাইকে তো খেলানো সম্ভব নয়। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড়। এটি নির্ভর করছে খেলোয়াড় ও তাদের ইনজুরির ওপর। তবে আগের ম্যাচের একাদশের সঙ্গে এই ম্যাচে অনেক পরিবর্তন আসবে। একাদশটা আমরা ম্যাচের ঠিক আগে চূড়ান্ত করব।’
প্রথম ম্যাচে ৫-১ গোলের জয়ে দ্বিতীয়টি করেছিলেন সাবিনা। এর আগে অবশ্য সাগরিকাকে দিয়ে দলের গোলের খাতা খুলিয়েছিলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। দ্বিতীয় ম্যাচের লক্ষ্য জানিয়েছেন সাবিনা, ‘প্রথম ম্যাচের দিকে তাকালে দেখবেন আগের সাফ খেলা দলটার চেয়ে অনেক উন্নতি হয়েছে ভুটান দলের। তারপরও আমাদের মেয়েরা চেষ্টা করেছে তাদের স্বাভাবিক ফুটবল খেলার। আগের ম্যাচটিতে যে ছোট ছোট ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে পরের ম্যাচে যেন দেশবাসীকে একটি জয় উপহার দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে মাঠে নামব।’
দ্বিতীয় ম্যাচে নিজের পারফরম্যান্স ছাপিয়ে যেতে চান প্রথম ম্যাচের নায়ক সাগরিকা, ‘গত ম্যাচে হ্যাটট্রিক করেছি। সামনের ম্যাচে আরও বেশি গোল করে জয় নিয়ে দেশে ফিরে যেতে পারি।’