প্যারিস অলিম্পিকে নারী ফুটবল ইভেন্টে শুভ সূচনা করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা এবারই শেষবার খেলছেন অলিম্পিকে। তাই মার্তার জন্য প্যারিস অলিম্পিকটি বিশেষ।
ম্যাচের ৩৭ মিনিটে মার্তার অ্যাসিস্ট থেকে গাবি নুনেস করেন গোলটি। প্রথমার্ধের যোগকরা সময়ে মার্তার শট পোস্টে লাগে। সেটি না হলে ফলাফল ভিন্ন হতে পারত। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। অলিম্পিক নারী ফুটবলে ব্রাজিল দুইবার রৌপ্য জিতেছে। ব্রাজিলের সঙ্গে ‘সি’ গ্রুপে থাকা স্পেন ২-১ গোলে হারিয়েছে জাপানকে। ২০১৬ অলিম্পিকে স্বর্ণ জেতা জার্মানি নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে জয়। ‘বি’ গ্রুপের ম্যাচে জার্মানি ৩-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। যুক্তরাষ্ট্র অলিম্পিকে পঞ্চম স্বর্ণের লক্ষ্য নিয়ে এসেছে প্যারিসে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্র ৩-০ গোলের জয় পেয়েছে জাম্বিয়ার বিপক্ষে। ‘এ’ গ্রুপে স্বাগতিক ফ্রান্স ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। কানাডা ২-১ গোলে হারায় নিউজিল্যান্ডকে।