লিগ কাপে মায়ামির প্রথম ম্যাচে খেলবেন মেসি?

লিগ কাপের শিরোপা রক্ষার অভিযানে বাংলাদেশ সময় রবিবার মাঠে নামছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে মিয়ামির প্রতিপক্ষ ক্লাব পুয়েবলা। কিন্তু গোঁড়ালির চোটের কারণে উদ্বোধনী ম্যাচে মেসিকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো।

গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে গোঁড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনা শিরোপা জিতলেও মেসিকে মাঠ ছাড়তে হয়েছিল আগেই। অবশ্য চোট নিয়েই তিনি কোপার পুরো আসর খেলেছিলেন, যে কারণে তার পারফর্মেন্সও বলার মতো ছিল না। মেসির হাঁটুতে এখনো কিছু সমস্যা আছে বলে জানিয়েছেন মার্টিনো।

অবশ্য মেসিকে ছাড়াই মিয়ামি দারুণ ফর্মে আছে। গত মাসে ৭ ম্যাচের ৬টিতেই তারা জিতেছে। মার্টিনো বলেছেন, মেসিকে নিয়ে দলের কোনো তাড়াহুড়া নেই। আর্জেন্টিনার মহাতারকা এখন ট্রেনারদের সঙ্গে ধীরেসুস্থে নিজেকে খেলার জন্য প্রস্তুত করছেন। তার গোঁড়ালির অবস্থাও এখন উন্নতির পথেই আছে।

মিয়ামি বনাম পুয়েবলার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায়।