আগস্টের আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ওই মাসের শেষে পাকিস্তানের মাটিতে সিরিজ দিয়ে টেস্ট ফরম্যাটে প্রত্যাবর্তন ঘটবে টাইগারদের। ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা চাপা পড়ে গেছে। হয়নি কোনো তদন্ত। প্রশ্নবিদ্ধ কোচ এবং ক্রিকেটাররা বহাল তবিয়তে আছেন। সাকিব আল হাসান খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। কিন্তু তার দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। ব্যর্থতা ছাড়ছে না পিছু।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পর সাকিব যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে (এমসিএল) খেলেছেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। আসরে মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পান সাকিব। এই চার ম্যাচে তার যে পারফর্মেন্স, তাতে এর বেশি সুযোগ পাওয়াটা আশ্চর্যের হতো। ৪ ম্যাচে ওপরের দিকেই ব্যাটিংয়ে নেমে মাত্র ৬০ রান করেছেন সাকিব। বল খেলেছেন মোট ৪৮টি। গড় মাত্র ১৫ আর স্ট্রাইকরেট ১২৫। কোনোটাই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়।
অথচ, মেজর ক্রিকেট লিগের এবারের আসরে এখন পর্যন্ত সর্বাধিক রান করেছেন সদ্যই ৪০ বছরে পা দেওয়া ফাফ ডু প্লেসিস। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ৮ ম্যাচে ৫২.৫০ গড়ে রান করেছেন ৪২০। এক সেঞ্চুরির সঙ্গে আছে তিন ফিফটি। তার স্ট্রাইকরেট ১৭১.৪২! বল হাতেও ৩৭ বছর বয়সী সাকিব ছিলেন ব্যর্থ। ৪ ম্যাচে একটিমাত্র উইকেট নেন। মোট ১০ ওভার বল করে রান দিয়েছেন ১১১। ইকনোমি ১১.১০।
এই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার আগে দেশ ছাড়ার সময় অবসর প্রসঙ্গে সাকিব বলেছিলেন, ‘পরপর এই দুইটা টুর্নামেন্ট খেলি, এরপর দেখি নিজের কী অবস্থা।’ এমসিএলে নিজেকে যাচাই করার পর সাকিব এখন যোগ দিয়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। সেখানেও ব্যর্থতা দিয়েই শুরু হয়েছে তার যাত্রা। বাংলা টাইগার্সের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ বলে মাত্র ৩ রান করেন সাকিব। বল হাতে ৪ ওভারে দেন ৩০ রান। অন্যদিকে পেসার শরীফুল ইসলাম মাত্র ১৬ রানে নিয়েছেন ১ উইকেট।
ক্রিকেটাঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে, সাকিব কি তবে ফুরিয়ে গেলেন? অবশ্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই সাকিবকে অবসর নিতে বলেছিলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। তবে সাকিব এসবে কান দেননি। তিনি অবসরের ধারেকাছেও নেই। প্রশ্নবিদ্ধ আরেক সিনিয়র মাহমুদউল্লারও একই অবস্থা। এছাড়া ‘অবসর নাটকের অভিনেতা’ তামিম ইকবালকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য ডাকা হয়েছে। তিনি সাড়া দেন কিনা- সেটাই দেখার।
মেয়ে সানার কর্মস্থলে প্রধান বক্তা সৌরভ
ক্রিকেটে ফিরছে ‘ট্যুর ফি’; জিম্বাবুয়েকে খরচ দেবে ইংল্যান্ড
আজ স্বর্ণ পদকের মীমাংসা যেসব ইভেন্টে
অ্যালেনের ঝড়ো সেঞ্চুরিতে মেজর লিগ ফাইনালে ইউনিকর্নস