প্যারিস অলিম্পিকের প্রথা ভাঙার উদ্বোধনী অনুষ্ঠানে এতদনি ধরে চলে আসা অ্যাথলেটদের প্যারেডের ধরনই বদলে ফেলা হয়। পায়ে না হেঁটে বরং জনযানে চড়ে প্যারেডে অংশ নেন প্রতিটি দেশের বহর। এর মাঝেই ঘটেছে এক বিতর্কিত ঘটনা। দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের বহনকারী জলযান সেন নদী পাড়ি দিতে গেলে ঘোষক তাদের পরিচয় করিয়ে দেন ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ নামে, যা আদতে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম।
অথচ দক্ষিণ কোরিয়ার সরকারী নাম ‘দ্যা রিপাবলিক অব কোরিয়া।’ শুধু তাই নয়, ফরাসি ও ইংলিশ, দুই ভাষাতেই দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে। উত্তর কোরিয়া দলের ক্ষেত্রেও একই নাম ব্যবহার করেন ঘোষক।
দুটি দেশের মধ্যে এমনিতেই দা-কুমড়ো সম্পর্ক। তার মাঝে এমন ভুল মেনে নিতে পারেননি দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। অভিযোগ তোলে দেশটি। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পর অলিম্পিক কর্তৃপক্ষের কাছে এমন ভুল পুনরায় না হওয়ার নিশ্চয়তা চেয়েছে দেশটি।
এই ঘটনার পর অবশ্য ক্ষমা প্রার্থনা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
গত অলিম্পিকে ৬টি সোনাসহ ২০ পদক জিতে দক্ষিণ কোরিয়া ছিল পদক তালিকায় ১৬তম স্থানে। এবারের আসরে তাদের বহরে রয়েছেন ১৪৩ জন অ্যাথলেট। যারা অংশ নেবেন ২১টি ইভেন্টে। গত অলিম্পিকে অংশ না নেওয়া উত্তর কোরিয়া এবার ১৬ অ্যাথলেটের বহর নিয়ে এসেছে প্যারিস অলিম্পিকে।