অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাকিস্তান শাহিনসের কাছে প্রথম চার দিনের ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছিল বিসিবি হাই পারফরম্যানস (এইচপি) ইউনিটকে। হারতে হয়েছিল ১৪৮ রানের বিশাল ব্যবধানে। গতকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় চার দিনের ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। রিপন মণ্ডল এবং রেজাউর রহমান রাজার পেসতোপে ডারউইনে দ্বিতীয় দিনশেষে ১৬৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম দিনেই প্রথম ইনিংসে ২৫৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে দলে না থাকা এইচপির অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের ৬৯ এবং এবং আইচ মোল্লার ৫৫ রানের ইনিংসের সুবাদে এ রান করেছিল এইচপি। ওই দিনই ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৩৯ রানে দিন শেষ করেছিল শাহিনস। পাকিস্তান শাহিনসের ২টি উইকেটই তুলে নিয়েছিলেন রিপন মণ্ডল।
আজ দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেন এইচপি বোলাররা। তাতে ১৭৯ রানেই অলআউট হয়ে যায় শাহিনস। সর্বোচ্চ ৪৮ রান আসে কামরান গুলামের ব্যাটে। ৩০ রান করে তৈয়ব তাহির। এইচপির হয়ে ৭১ রানে ৪ উইকেটে শিকার করেন রিপন। ৩৩ রানের বিনিময়ে রেজাউর রহমান রাজা শিকার ধরেন ৩টি। হাসান মুরাদ ২টি ও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া মারুফ মৃধা ১টি উইকেট পান। তাতে প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পায় এইচপি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানে ফিরে যান পারভেজ হোসেন ইমন। এরপর অমিত হাসানকে সঙ্গে নিয়ে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন। ৫৭ রানের এ জুটি ভাঙে অমিত ২৫ রানে ফিরলে। এর পর রানের খাতা খোলার আগেই বিদায় নেন হাসান মুরাদ। দ্বিতীয় দিন শেষে এইচপির সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান। ৩৯ রানে অপরাজিত থাকা জয়ের সঙ্গে ক্রিজে আছেন ৮ রান করা আইচ মোল্লা।
অলিম্পিক কিংবদন্তিদের গল্প
অ্যালেনের ঝড়ো সেঞ্চুরিতে মেজর লিগ ফাইনালে ইউনিকর্নস