৯০ বছর আগের লজ্জার রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের কিপার

আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেই বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন জিম্বাবুয়ের উইকেটকিপার ক্লাইভ মাদান্দে। যে টেস্টের এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ বাই রান দেওয়ার রেকর্ড এখন তার। এর মাধ্যমে ভেঙে গেল ৯০ বছরের পুরনো এক রেকর্ড।

ওভালে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে ২৫০ রান। আইরিশদের প্রথম ইনিংসে ৪২টি বাই রান দিয়েছেন মাদান্দে! ৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২ রান তুলেছে। এখনো তারা পিছিয়ে ২৮ রানে।

১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার ৩২৭ রানের ইনিংসে ৩৭টি বাই রান দিয়ে এতদিন এই বিব্রতকর রেকর্ড ছিল ইংল্যান্ডের উইকেটকিপার লেস অ্যামেসের। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে এবার রেহাই দিলেন মাদান্দে। যদিও এজন্য জিম্বাবুয়ের বোলাররাও দায়ী। তারা লেগ স্টাম্পের অনেক বাইরে বেশ কিছু বল করেছেন। সেসব ক্ষেত্রে মাদান্দের কিছু করারও ছিল না।