রাশিয়া-ভীতিতে ভুগছেন ট্রাম্প: ক্রেমলিন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই রাশিয়া-ভীতিতে ভুগছেন বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, রাশিয়া-ভীতির কারণেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সময় ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে ‘বহু সংখ্যক নিষেধাজ্ঞা’ আরোপ করেছিলেন। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাসের।

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে এক সাক্ষাত্কারে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া নেপোলিয়ন এবং হিটলার দুজনকেই পরাজিত করেছে। ফলে তিনি পুনর্নির্বাচিত হলে ইউক্রেন সংঘাত বন্ধ করাটা তার কাছে অগ্রাধিকার পাবে’। 

এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র ট্রাম্পকে ‘গভীরভাবে রুশ ইতিহাস জানার’ জন্য প্রশংসা করেন। তিনি বলেন, রুশ ইতিহাসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খোলা মনের হতে পারেন, তবে তিনিই মস্কোর বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞার দৌড়’ শুরু করেছিলেন। আর ট্রাম্প এখনো মার্কিন রাজনৈতিক অভিজাত শ্রেণির একজন প্রতিনিধি, যিনি অবশ্যই রুশ-ভীতিতে ভুগছেন।

এদিকে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক পেসকভকে জিজ্ঞেস করেন, ট্রাম্প কেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চেয়ে সোভিয়েত এবং রাশিয়ার ইতিহাস সম্পর্কে বেশি জানেন? এমর প্রশ্নের জবাবে পেসকভ বলেন, আপনি একজন সাংবাদিক, আপনিই এই বিষয়টি ট্রাম্পকে জিজ্ঞেস করবেন। তবে মনে রাখবেন, আমি কিন্তু ট্রাম্পের প্রেস সচিব না, তাই তার কাছে প্রশ্ন করেই এই বিষয়টি জেনে নেবেন।