রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কো সফরের পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার মোদি দেশটিতে যাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত মাসে ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হয় মোদির। এরপরই মোদির ইউক্রেন সফরের খবর প্রকাশ্যে এলো। আগামী আগস্ট মাসেই এ সফর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে চলতি বছরের মার্চে জেলেনস্কির সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউক্রেনের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন। সেইসঙ্গে চলমান সংঘাত কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান।
চলতি মাসের শুরুর দিকে দুই দিনের সফরে রাশিয়া যান মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে মোদির। পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেন, সংঘাতে কোনো সমাধান নেই এবং যুদ্ধক্ষেত্রেও এর সমাধান পাওয়া যাবে না।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যা এখনও চলছে। এই যুদ্ধ নিয়ে পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে। আর রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের সরাসরি কোনো অবস্থান দেখা না গেলেও কোনো পক্ষের সঙ্গেই বৈরি সম্পর্ক নেই দেশটির।