সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মোবাইল ফোনে ডেকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এনায়েতপুর থানা পুলিশ দুজনকে আটক করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সপ্তম শ্রেণির ছাত্রী। মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কাপড় ব্যবসায়ী হামজালা হোসেন (২৮) একটি বাড়ির কক্ষে ভাড়া নিয়ে তাকে ধর্ষণ করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দেড়মাস আগে ভুক্তভোগীর শিক্ষার্থীর সঙ্গে হামজালার মোবাইল ফোনে পরিচয় হয়। এরই সূত্র ধরে হামজালে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখায়। পরে এনায়েতপুর স্পার বাঁধে বেড়ানোর কথা বলে গত বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে ঘুরে ভাড়া করে রাখা কক্ষে নিয়ে ধর্ষণ করে।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে মেয়েটির খোজখবর নিয়েছি। এছাড়া তার সুচিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এ বিষয়ে মামলা করতে মেয়েটির বাবাকে ডেকে পাঠিয়েছি। তিনি এলে মামলা নেওয়া হবে।