অলিম্পিক কর্নার

দক্ষিণ হয়ে গেল উত্তর!

প্যারিস অলিম্পিকের প্রথা ভাঙার উদ্বোধনী অনুষ্ঠানে জলযানে চড়ে প্যারেডে অংশ নেয় প্রতিটি দেশের বহর। এর মধ্যেই ঘটেছে এক বিতর্কিত ঘটনা। দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের বহনকারী জলযান সেন নদী পাড়ি দেওয়ার সময় ঘোষক তাদের পরিচয় করিয়ে দেন ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ নামে, যা আদতে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম! পরে উত্তর কোরিয়া দলের ক্ষেত্রেও একই নাম ব্যবহার করেন ঘোষক। ঘটনার পর অবশ্য ক্ষমা প্রার্থনা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

অলিম্পিকের জন্য আঙুল বিসর্জন

অলিম্পিকে নামার জন্য অ্যাথলেটদের প্রস্তুতি আর আগ্রহ থাকে আকাশচুম্বী। কিন্তু অস্ট্রেলিয়ার হকি দলের ম্যাট ডসনের গল্পটা হয়তো হার মানাবে সবকিছুকে। দুই সপ্তাহ আগে তার আঙুলের একটি অংশ ভেঙে যায়। দরকার ছিল অস্ত্রোপচার। কিন্তু এই প্রক্রিয়ায় সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় দরকার। মিস হয়ে যেত অলিম্পিক। ম্যাট ডসন এমনটা মানতে নারাজ। গ্রেটেস্ট শো অন আর্থে থাকার তাগিদে শেষ পর্যন্ত আঙুলই কেটে ফেলেন তিনি।

আগেও দুবার অলিম্পিক খেলেছেন ডসন, টোকিও অলিম্পিকে জিতেছেন রৌপ্য। তবু প্যারিস অলিম্পিক খেলতে মরিয়া তিনি। কারণ এটাই হতে পারে তার শেষ অলিম্পিক।

সিন নদীতে গোলাপ

প্যারিসের সিন নদীতে অলিম্পিকের উদ্বোধনীতে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন আলজেরিয়ান অ্যাথলেটরা। তাদের জাহাজ প্যারেডে অংশ নেওয়ার সময় তারা সিন নদীতে গোলাপ ফুল ছুড়ে মারেন। এর মধ্য দিয়ে ১৯৬১ সালে প্যারিসে ঘটা গণহত্যায় নিহতদের স্মরণ করেন আলজেরিয়ানরা।

১৯৬১ সালের ১৭ অক্টোবরে এই সিন নদীতে, আলজেরিয়ার মানুষকে ডুবিয়ে হত্যা করা বা হত্যা করে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে ঔপনিবেশিক ফ্রান্সের বিরুদ্ধে। এ নিয়ে আলজেরিয়ান অলিম্পিক কমিটি এক বার্তায় জানিয়েছে, ‘আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে অলিম্পিকের উদ্বোধনীতে সিন নদীতে আলজেরিয়ার প্রতিনিধিরা ফুল নিক্ষেপ করেছে। বিশেষ করে সেই ব্রিজ থেকে আমরা তাদের স্মরণ করেছি যেখানে তারা শহীদ হয়েছিল, সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করুন।’

ডোপ পাপী ইরাকের জুডো খেলোয়াড়

প্যারিস অলিম্পিকে ইরাকি জুডোকা সাজ্জাদ সেহেন ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) জানিয়েছে, সাজ্জাদের নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েডস ধরা পড়েছে। প্যারিস অলিম্পিকে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার এটাই প্রথম ঘটনা।

২৮ বছর বয়সী সাজ্জাদের এটাই প্রথম অলিম্পিক। আগামী সপ্তাহে ছেলেদের ৮১ কিলোগ্রাম ক্লাসে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আইটিএ বিবৃতিতে জানিয়েছে, ব্যাপারটার সমাধান না হওয়া পর্যন্ত সাজ্জাদকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আইটিএ জানিয়েছে, সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) প্রাথমিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন সাজ্জাদ। আরেকবার নমুনা পরীক্ষার আবেদনও করতে পারবেন।