লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা ইসরায়েলের

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস শহরে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১১ জন নিহতের ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার ভোরের দিকে লেবানন ভূখণ্ডের ভেতরে হিজবুল্লাহর সাতটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অস্ত্রের ঘাটি এবং সামরিক কাঠামোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে।

যদিও লেবাননের শক্তিশালী এই সশস্ত্র সংগঠনটি এই হামলার ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

অন্যদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার ভোরে লেবাননে বালবেক-হারমেল গভর্নরেটের বালবেক জেলার তারইয়া শহরের উপকন্ঠে একটি বাড়িতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ হামলায় শুধু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএনএ-এর মতে, এর আগে লেবাননের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এছাড়া বুর্জ আল-শেমালি শহরের একটি বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েল। যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে।

আল জাজিরা বলছে, তায়ের হারফা শহরেও অভিযান চালানো হয়েছিল, যার ফলে অবকাঠামো এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পরদিন ৮ অক্টোবর থেকে ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে বোমাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে ইরান সমর্থিত সংগঠনটির।

লেবাননে, ইসতায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৪৩ জন জন নিহত হয়েছে।