নাটোরের সিংড়ায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আরও এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতার নাম মো. সুলতান আহমেদ। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
গতকাল শনিবার রাতে তার নিজ বাড়ি কুশাবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্ফোরক মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
এ মামলায় গত ৭ দিনে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদ এবং রামানন্দ খাজুরা ইউনয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান মো. আফছারুজ্জামান আফছারসহ ১১ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।