একজনের ক্যারিয়ার শেষের পথে, আরেকজনের মধ্যগগনে। দুজনেই বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক ছিলেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও তাদেরকে দেখা যেতে পারে ‘এ’ দলে! এই দুই ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম আর মুমিনুল হক। পাকিস্তান সফরের আগে এই দুজনের প্রস্তুতি ঘাটতি পূরণ করতে এমন একটা উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
‘এ’ দলকে সাধারণত জাতীয় দলের অন্যতম পাইপলাইন হিসেবে বিবেচনা করা হয়। নবীন ক্রিকেটার এবং জাতীয় দলের সংস্পর্শে থাকা ফর্ম হারানো ক্রিকেটাররা এসব দলে খেলে থাকেন। তাই বলে মুশফিক-মুমিনুলের মতো অভিজ্ঞরাও খেলবেন ‘এ’ দলে? আগামী ৬ অগাস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ 'এ' দল। সেখানে তারা দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সফরেই দেখা যেতে পারে মুশফিক-মুমিনুলকে।
মুমিনুল হককে শুধু টেস্ট খেলানো হয় বলে দীর্ঘদিন পরপর তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়। অন্যদিকে মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন। আগামী ১৭ আগস্ট দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। তার আগে এই দুজনকে প্রস্তুত করতেই নাকি ‘এ’ দলে খেলানো হবে বলে জানা গেছে।
আগামী ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এরপর ও ৩০ অগাস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল। দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 'এ' দলের হয়ে পাকিস্তান গেলে জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজ শেষ করে ফিরবেন মুশফিক-মুমিনুল। শোনা গেছে, তাদেরকে নাকি এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা রাজি হননি।