প্যারিস অলিম্পিকের শুরুতেই ঘটল মর্মান্তিক প্রাণহানি। গতকাল শনিবার গেমসের প্রথম দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকার। প্যারিস অলিম্পিক কমিটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গেমস ভিলেজে।
জানা গেছে, গেমস ভিলেজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬০ বছরের বক্সিং কোচ এলিকা। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে অস্বাভাবিক কিছু ছিল না বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আয়োজকদের সহযোগিতায় এলিকার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন সামোয়ার কর্তারা।
এক বিবৃতিতে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) বলেছে, ‘খেলার প্রতি এলিকার আন্তরিকতা এবং আবেগ বাকিদের জন্য শিক্ষণীয়। এই মৃত্যু বক্সিংয়ের জন্য বড় ক্ষতি। বক্সিংয়ে এলিকার অবদান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’
সামোয়ার একমাত্র বক্সার হিসেবে প্লজিকি ফাওগালি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। পুরুষদের হেভিওয়েট বক্সিংয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুঃখজনক হলেও সত্য, গুরুত্বপূর্ণ লড়াইয়ের সময় তিনি কোচকে পাশে পাবেন না। এলিকাই ছিলেন সামোয়া দলের এক মাত্র বক্সিং কোচ।
অলিম্পিকে রোনালদোর সিউ উদযাপন
কোহলির রেকর্ড ছুলেন সূর্যকুমার
আর্জেন্টিনার অভিযোগ নাকচ ফিফার