রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুর ২ টায় উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ভিটি গ্রামের ভ্যান চালক মো. হাসেম মন্ডল (৫০) ও তার মেয়ে হালিমা (৩০)। এ ঘটনায় আহত হয় একই এলাকার পিকুল শেখের স্ত্রী বিউটি আক্তার (৩০)।
ঘিকমলা বাজারে মুদী ব্যবসায়ী মো. সাহিদুল ইসলাম বলেন, হাসেম মন্ডল তার মেয়ে ও ভাতিজা বউকে নিয়ে নিজে ভ্যান চালিয়ে নারুয়ার দিকে যাচ্ছিলো। অন্যদিকে পাইপ বাহী ট্রাক নারুয়ার দিক থেকে পাংশার দিকে যাচ্ছিলো। ঘিকমলা বাজার মসজিদের সামনে আসলে ট্রাকটি ভ্যানে চাপা দেয়। আমরা গিয়ে দেখি হালিমা মারা গেছে। শুনেছি হাসপাতালে নেওয়ার পথে ভ্যান চালক বাবা হাসেম মন্ডলও মারা গেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পাইপবাহী ট্রাকের চাপায় ঘিকমলা বাজারে ভ্যান চালক ও তার মেয়ে মারা গেছে। অন্য আর এক যাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।