ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া জয় লঙ্কান মেয়েদের

ফাইনালে হারতে হলো ভারতকে। সপ্তমবার নারীদের এশিয়া কাপ জেতা হল না ভারতের। ফাইনালে হারমানপ্রীত কৌরদের হারিয়ে প্রথমবার এশিয়া সেরা হল শ্রীলঙ্কা।

এর আগে পাঁচ বার রানার্স হয়েছিল তারা। এই প্রথম শিরোপা জিতল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। ৮ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় শ্রীলঙ্কা। ফাইনালে ব্যর্থ ভারতের বোলিং। সঙ্গে ফিল্ডিংও খারাপ হল হারমানপ্রীতদের।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হারমানপ্রীত। ভারতের ওপেনিং জুটি শুরুটা ভাল করলেও এই ম্যাচে বড় রান করতে পারেনি। বিশেষ করে দ্রুত রান করতে সমস্যা হচ্ছিল শেফালি ভার্মার। ১৯ বলে ১৬ রান করে আউট হন তিনি। অর্ধশতরান করেন অপর ওপেনার স্মৃতি মান্ধানা। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হারমানপ্রীত। ১১ রান করে আউট হন তিনি।

শেষ দিকে মান্ধানাকে সঙ্গ দেন জেমাইমা রদ্রিগেস ও রিচা ঘোষ। তিন জন মিলে দলের রান ১৫০ পার করেন। মান্ধানা ৪৭ বলে ৬০ রান করে আউট হন। জেমাইমা ১৬ বলে ২৯ ও রিচা ১৪ বলে ৩০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় ওভারেই আউট হন গুনরত্নে। দলের ইনিংস টানেন সেই চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার অধিনায়ক আরও একটি অর্ধশতরানের ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন হার্ষিতা সামরাবিক্রম। দুজনের মধ্যে ৮৭ রানের জুটি হয়।

এই ম্যাচে ভারতের বোলিং ভাল হয়নি। শ্রীলঙ্কাকে আটকে রাখতে পারেননি তারা। উইকেট পড়ছিল না। রান তোলার গতিও কমছিল না। ক্যাচও ছাড়েন হারমানপ্রীতেরা। ৬১ রান করে আউট হন আতাপাত্তু। তাতে দলের জিততে সমস্যা হয়নি। হার্ষিতা ও কাবিশা দিলহারি তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন। অর্ধশতরান করেন হার্ষিতা।

শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রীলঙ্কা। হার্ষিতা ৬৯ ও কাবিশা ৩০ রান করে অপরাজিত থাকেন। ৮ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা।