ছাদে পুঁইশাক চাষ

পুঁইশাক খুবই জনপ্রিয়। মোটামুটি সহজলভ্য হওয়ায় এই শাক সবার কাছে প্রিয়। দেশে সাধারণত সবুজ ও লাল ধরনের পুঁইশাক পাওয়া যায়। বাড়ির ছাদে পুঁইশাক চাষ করা যায়। তবে চাষের আগে চারা তৈরি করে নিতে হবে।

পুঁইশাকের চারা তৈরির ক্ষেত্রে সারিতে বুনলে প্রতি শতকে ৮-১০ গ্রাম বীজ লাগে। ছিটিয়ে বুনলে বীজের পরিমাণ বেশি লাগে। পুঁইশাকের বীজ বপনের জন্য ১৮ থেকে ২০ সেন্টিগ্রেড তাপমাত্রার  প্রয়োজন। তবে সারা বছরই চাষ করা যায়। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষায় পুঁইশাকের চাষ ভালো হয়। বীজ ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয়। কখনো কখনো বেডে চারা তৈরি করা যায়। চারা দুই সপ্তাহের হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায়। পুঁইশাক উৎপাদন করতে ১৫ থেকে ২০ দিনের চারা জমিতে লাগানো যায়। পুঁইশাকের চারা রোপণের জন্য সারি থেকে সারি ১ মিটার এবং প্রতি সারিতে ৫০ সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। চারা রোপণের পর খাওয়ার উপযোগী হলে লতা কেটে বা পাতা তুলে নিতে হয়।