বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরানা পল্টনে শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হয়ে মিছিল শুরু করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় সেখান থেকে দুই শিক্ষার্থীকে আটক করতে দেখা যায়। সোমবার দুপুর একটার দিকে পুরানা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
আটক দুই শিক্ষার্থী হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ এবং আরবি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান রাফি।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা প্রেসক্লাব থেকে মিছিল শুরু করার কথা ভাবছিলাম। কিন্তু পুলিশের বাধায় সম্ভব তা হচ্ছিল না। পরবর্তীতে স্থান পরিবর্তন করে পল্টনে আসি। কিন্তু মিছিল শুরু করার ৫ মিনিটের মধ্যে পুলিশ আমাদের বাধা দেয় এবং দুইজনকে আটক করে নিয়ে যায়। আমাদের হাতে লাঠি কিংবা এ জাতীয় কিছুই ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করছিলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ বলেন, আমাদের সহ-সমন্বয়ক দুই ছোটভাই মোসাদ্দেক আর রাফিকে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা স্বত্বতেও পল্টন থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। সমন্বয়ক আরিফ সোহেল ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ। ডিবি তাকে তুলে নেয়ার ব্যাপারটি অস্বীকার করেছে। আরিফ সোহেল ভাই বেচে আছে কি-না এইটাও আমরা জানি না।
গতকাল রাতে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করলেও বাইরে থাকা সমন্বয়ক ও সহ-সমন্বকরা তা প্রত্যাখান করে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। ঢাকাসহ কয়েকটি জায়গায় তাদের ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।