সমন্বয়কদের মুক্তির দাবিতে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কসহ আটককৃত সকল আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি  সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশ নেন।

তাদের দাবিগুলো হলো—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল ও কেন্দ্রীয় সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচারের বিচার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে একই সাথে তাদেরকে জিম্মি করে জোর করে আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করছি, সারা দেশে শহীদদের হত্যার পেছনে জড়িতদের অবিলম্বে বিচার করতে হবে এবং সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর মামলা এবং গণ গ্রেপ্তার বন্ধ করতে হবে।