দেশে এল শাফিনের মরদেহ

দেশের মাটি স্পর্শ করল জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তাকে বহন করা উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এরশাদুল হক টিংকু, যিনি মাইলস সদস্যদের সঙ্গে যুক্ত।

তিনি জানান, শাফিন আহমেদের কফিন সন্ধ্যা ৬টার কিছু পরে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হয় শিল্পীর উত্তরার বাসায়। এরপর দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাওয়া হবে একটি হাসপাতালের হিমঘরে। সেখান থেকে আগামীকাল ৩০ জুলাই জোহরের নামাজের সময় নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।

শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্তর কবরে তাকে সমাহিত করা হবে। 

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান শাফিন আহমেদ। সেখানে একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন তিনি। মৃত্যুর চার দিন পর মাতৃভূমিতে ফিরল তার মরদেহ।