ঢাকার পথে শাফিন, পৌঁছাবে বিকেলে  

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:০০ পিএম

এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে করে আনা হচ্ছে শাফিন আহমেদের মরদেহ। শাফিনকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রওনা করেছে বলে জানিয়েছেন শাফিনের বড় ভাই ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।

আজ দুপুর সাড়ে ১২টার সময় দুবাইয়ে ট্রানজিটের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল সাড়ে পাঁচটায় শাফিনের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। 

হামিন আহমেদ জানান, বিমানবন্দর থেকে শাফিনের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে। সেখানে পারিবারিকভাবে তা রাখা হবে। সেখান থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় মরদেহ গুলশান আজাদ মসজিদে জানাজার জন্য নেওয়া হবে। জানাজার পর শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর বনানী কবরস্থানে  তার মায়ের কবরের পাশে, বাবার কবরে সমাহিত করা হবে শাফিনকে।

গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এর পর থেকে শাফিনের মরদেহ দেশে আনার প্রস্তুতি শুরু হয়। মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও ছিল বড় ভাই হামিন আহমেদের। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি।

শাফিন আহমেদ স্ত্রী রুমানা দৌলা ও তিন সন্তান রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত