নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসমা আক্তার (২৪) নামে এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আমজাদ হোসেনের (৩০) বিরুদ্ধে। গত রবিবার রাতে নিহতের শ্বশুরবাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার ফালু মিয়ার মেয়ে। তার স্বামী আমজাদ হোসেন কল্যান্দী এলাকার মৃত কবির হোসেনের ছেলে।
নিহতের বড় বোন উম্মে হাবিবা অভিযোগ করে জানান, ২০১৮ সালের অক্টোবরে আমজাদের সঙ্গে আসমার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে মোটা অঙ্কের টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আসমাকে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল আমজাদ। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে আমজাদ ও তার পরিবারের লোকজন আসমাকে একই কারণে শ্বাসরোধে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’