নারীদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির বর্তমান বিশ্ব রেকর্ড সামার ম্যাকিনটোশের। প্যারিসের লা ডিফেনস অ্যারেনার ফাইনালে দৃষ্টি ছিল তাঁর দিকেই। প্রত্যাশিতভাবেই ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির স্বর্ণ জিতেছেন ম্যাকিনটোশ।
১৭ বছর বয়সী এই কানাডিয়ান সাঁতারু সময় নিয়েছেন ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড।
এটি অবশ্য তাঁরই গড়া বিশ্ব রেকর্ড (২০২৪ সালেই ৪ মিনিট ২৪.৩৮ সেকেন্ড) এবং কাতিনকা হসজুর অলিম্পিক রেকর্ড (রিওতে ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড) কোনটি ভাঙতে পারেনি। তবে চতুর্থ সেরা টাইমিং।
সাঁতারের এই ইভেন্টে ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্ররে কেটি গ্রিমস। আর ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের ফ্রেয়া কোলবার্টের।
জয়ের পর ম্যাকিনটোশ বলেন, 'যতটা সম্ভব আমি শুধু এই মুহূর্তগুলো উপভোগ করতে চাই। কারণ এমন মুহূর্ত প্রতি চার বছরে একবার আসতে পারে। আমি কানাডাকে গর্বিত করার চেষ্টা করেছি।'
এটি ম্যাকিনটোশের দ্বিতীয় অলিম্পিক। টোকিওতে ২০০ মিটার ফ্রাস্টাইলে ১৪ বছর বয়সে পুলে নেমে হয়েছিলেন চতুর্থ।
২০০ মিটার মেডলি এবং ২০০ মিটার বাটারফ্লাইতেও অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে ম্যাকিনটোশকে। কানাডিয়ান এই সাঁতারু আরও বলেন, 'আমি আরও জিততে চাই এবং যতটা সম্ভব অন্যদের অনুপ্রাণিত করতে চাই। আমি করতে পারলে তারাও (জুনিয়র পর্যায়ে যারা আছে) করতে পারবে। আমি স্কুল জুতা পরে রিও অলিম্পিক দেখেছি এবং আট বছর পর আমি অলিম্পিকে জিতলাম।'