গত কয়েক মাস ধরেই একটার পর একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। মাস কয়েক আগে আইপিএল-এর খেলা চলাকালীন সময়ে অতিরিক্ত গরমে ‘হিট স্ট্রোক’ হয় তার। এরপর কিছুদিন বিরতি নিয়ে কাজে ফেরেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় সব ক’টি অনুষ্ঠানে সপরিবার হাজির ছিলেন বাদশা। সম্প্রতি ফারাহ খানের মায়ের শেষকৃত্যেও দেখা গেছে তাকে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তার চোখে ছিল রোদচশমা, সে দিন হোক বা রাত। অবশেষে সারা দিন এই রোদচশমা ব্যবহারের কারণ জানা গেল।
শোনা যাচ্ছে, মঙ্গলবার আমেরিকায় যাচ্ছেন শাহরুখ। গত কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গেছে। এবার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর খুব শীঘ্রই আরও এক বার অ্যাকশন অবতারে দেখা দিতে চলেছেন শাহরুখ। ছবির নাম ‘কিং’। এই প্রথম ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা। পরিচালক সুজয় ঘোষ। প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ।