ভিডিও বিতর্কে আসল সত্য জানালেন শাহরুখের আইনজীবীরা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

খবর ছড়িয়েছে সুবিজ্ঞ শর্মা নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিস পাঠিয়েন বলিউড বাদশা শাহরুখ খান। নোটিসে একটি ভিডিওকে কেন্দ্র করে করা মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন শাহরুখের আইনজীবীরা।

শাহরুখের আইনি সংস্থা হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস একটি বিবৃতি দিয়ে গোটা বিষয়টি স্পষ্ট করেছে। তাদের দাবি, শাহরুখের নাম করে ২৩ নভেম্বর যে আইনি নোটিসটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি ভুয়ো। সংস্থার তরফে বলা হয়েছে, ‘শাহরুখ খানের অনুমোদিত আইনজীবী হিসাবে আমরা স্পষ্ট জানাচ্ছি, এই নোটিস তিনি নিজে বা তার হয়ে কেউ জারি করেননি। আমাদের-সহ আইনজীবী বা আইনি সংস্থাকে এমন কোনও নোটিস পাঠানোর নির্দেশই দেননি অভিনেতা।’

সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমকেও সতর্ক করেছে শাহরুখের আইনজীবীদের দল। কোনো খবর প্রকাশের আগে তার সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, শাহরুখের নামে ভুল তথ্য ছড়িয়ে থাকলে তা সংশোধন করে নেওয়া অথবা সরিয়ে ফেলার কথাও বলা হয়েছে। আইনজীবীদের বক্তব্য, ‘খবর প্রকাশের আগে তথ্য যাচাই করুন। শাহরুখ খানের নামে এই নোটিসের যে সব ভুল তথ্য ছড়ানো হয়েছে, সেগুলো সংশোধন করুন অথবা সরিয়ে দিন।’

বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছিলেন নেটপ্রভাবী সুবিজ্ঞ। সেখানে দেখা যায়, শিল্পপতি অনন্ত অম্বানীর সঙ্গে কথা বলছেন আধ্যাত্মিক গুরু সদ্গুরু। অন্য একটি দৃশ্যে অনন্তের সঙ্গে কথোপকথনে ব্যস্ত শাহরুখ খান। সুবিজ্ঞের পোস্টে ইঙ্গিত করা হয়েছিল, ওই কথোপকথনের সময়ে শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন অনন্ত। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। বিষয়টি নিয়ে বিতর্কও কম হয়নি।

এর পরেই দাবি করা হয়, ২৩ নভেম্বর শাহরুখের তরফে সুবিজ্ঞকে মানহানির আইনি নোটিস পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিওটি সরিয়ে ফেলা-সহ কয়েকটি নির্দেশ মানার কথা বলা হয়েছিল ওই নোটিসে। কিন্তু আইনজীবীরা জানালেন, কোনও নোটিসই নাকি তারা পাঠাননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত