জিতলেই এগিয়ে যাওয়া। নইলে মেনে নিতে হবে বিদায়ের পরিণতি। এমন সমীকরণ সামনে রেখে আজ প্যারিস অলিম্পিকে রিকার্ভ এককের নকআউট পর্ব শুরু করবেন বাংলাদেশের আরচার সাগর ইসলাম। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাকে হারিয়ে টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছিলেন রোমান সানা, সেই ইতালিয়ান আরচার মাউরো নেসপলির বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচ সাগরের। ৩৬ বছরের নেসপলি টোকিও গেমসে জিতেছিলেন রৌপ্য। ২০০৮ বেইজিং গেমস থেকে ইতালির হয়ে অলিম্পিকে অংশ নিচ্ছেন নেসপলি।
র্যাংকিং রাউন্ডে মাউরো নেসপলি হয়েছিলেন ২০তম। তার স্কোর ছিল ৬৭০। অন্যদিকে সাগর ইসলাম ৬৪ জন প্রতিযোগীর মধ্যে হন ৪৫তম। ১৮ বছরের সাগরের সংগ্রহ ছিল ৬৫২। যা ছিল নিজের সেরার অনেক কম। যদিও এটা নিয়ে মোটেই ভাবিত নন সাগর। বরং নকআউট পর্ব নিয়েই তার জন্য ভাবনা। যদিও ভাবনাটা বেড়ে গেছে নেসপলিকে নিয়ে। দুশ্চিন্তা হওয়ার কারণ কেবল টোকিও গেমসের পারফরম্যান্স নয়। ২০১২ লন্ডন গেমসে তিনি ছিলেন স্বর্ণজয়ী ইতালি দলের সদস্য। এর আগে বেইজিং অলিম্পিকে দলগত রুপাজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।
অলিম্পিকের বড় মঞ্চে স্বর্ণসহ তিনটি পদক জয়ের অভিজ্ঞতাসম্পন্ন নেসপলিকে হারাতে পারলে সাগরের জন্য সেটা হবে বড় অর্জন। রোমান সানা পাঁচ বছর আগে নেদারল্যান্ডসে এই নেসপলিকে হারিয়েই অলিম্পিকের কোটা প্লেসের পাশাপাশি জিতেছিলেন ব্রোঞ্জ। অগ্রজের সেই জয় থেকেও অনুপ্রেরণা পেতে পারেন সাগর। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ নিশ্চয় নেসপলি বধের দাওয়াইটা এর মধ্যেই দিয়েছেন সাগরকে। নকআউট পর্বে সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স করা সাগরের তুরস্কে সর্বশেষ বাছাই আসরে তিনি জিতেছিলেন রৌপ্য। তাই তাকে ঘিরেই এবার বাংলাদেশের যত আশা-ভরসা।
এর আগে গতকাল অভিজ্ঞতা অর্জন আর অংশগ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায় সাঁতারে দেশকে প্রতিনিধিত্বকারী সামিউল ইসলাম রাফির। সামিউল অগ্রজদের দেখানো পথেই হেঁটেছেন। নিজের সেরা টাইমিং গড়েছেন ঠিক, তবে সেটা তাকে দেয়নি সম্মানজনক কোনো স্থান। ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট শেষে দেখা যাচ্ছে ৭৯ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের সামিউল হয়েছেন ৬৯তম। এই ইভেন্টের সেরা ১৬ পৌঁছেছেন সেমিফাইনালে। কাল রাতেই হওয়ার কথা ফাইনাল। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে ১৯ বছরের সামিউল নেমেছিলেন প্যারিস লা দিফঁস অ্যারেনার পুলে। দুই নম্বর হিটে ৫৩.১০ সেকেন্ড সময়ে হন পঞ্চম। তার আগের সেরা ছিল ৫৩.১৩। আর দুটি ইভেন্ট বাকি রইল বাংলাদেশের। ৩ আগস্ট ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে নামবেন টানা চারবারের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেদিনই নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নামবেন সোনিয়া খাতুন।