খাবারে বিষক্রিয়া, হাসপাতালে টিকটকের সদর দপ্তরের ৬০ কর্মী

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয়ের ৬০ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, বাইটড্যান্সের অফিসে কোনো খাবার তৈরি বা রান্না করা হয় না। তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মীদের জন্য খাবার সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি।

খাবারের বিষক্রিয়ার পর সিঙ্গাপুরের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। বাইটড্যান্স নিজেও আলাদা করে নিজেদের কর্মকর্তা-কর্মাচারীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ব্যবসায়িক এলাকায় অবস্থিত ভবনটিতে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল

বাইটড্যান্সের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, "আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং ক্ষতিগ্রস্থ কর্মীদের সহায়তা করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিয়েছি।"

মুখপাত্র আরও বলেন, "আমরা বিষয়টি তদন্ত করছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি।"

চীনের উদ্যোক্তাদের মালিকানাধীন বাইটড্যান্স ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। চীনে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও অ্যাপ ‘দোয়িন’ দিয়ে কোম্পানিটি প্রথম বড় ধরনের সাফল্য পায়। পরের বছর ২০১৩ সালে টিকটক বাজারে আনে বাইটড্যান্স যা দোয়িনের আন্তর্জাতিক সংস্করণ।

চীনে টিকটক ব্যবহার করা না গেলেও সারা বিশ্বে এই অ্যাপটির ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।