ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা মহাদেশের ভেতরেই সংরক্ষণের পরিকল্পনার অংশ হিসেবে এক বছরের কম সময়ের মধ্যে ফিনল্যান্ডে দ্বিতীয় ডেটা সেন্টার নির্মাণে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে টিকটক।
দক্ষিণ ফিনল্যান্ডের লাহতি শহরে নির্মিতব্য এই কেন্দ্রটির প্রাথমিক সক্ষমতা হবে ৫০ মেগাওয়াট, যা ভবিষ্যতে ১২৮ মেগাওয়াট পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি টিকটকের ১২ বিলিয়ন ইউরোর 'ইউরোপীয় ডেটা সার্বভৌমত্ব' উদ্যোগের অংশ, যার মাধ্যমে ২০০ মিলিয়নের বেশি ইউরোপীয় ব্যবহারকারীর ডেটা সুরক্ষা জোরদার করা হবে।
শীতল আবহাওয়া, কম খরচে ও স্বল্প-কার্বন বিদ্যুৎ এবং স্থিতিশীল নীতিমালার কারণে ফিনল্যান্ড ইতোমধ্যেই ডেটা সেন্টার স্থাপনে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে; এখানে মাইক্রোসফট ও গুগলের মতো কোম্পানিও বিনিয়োগ করছে।
তবে টিকটকের প্রথম ডেটা সেন্টার নিয়ে আগে থেকেই নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ রয়েছে দেশটির রাজনীতিবিদদের মধ্যে। কুভোলা শহরে নির্মাণাধীন প্রথম কেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ চালু হওয়ার কথা, আর নতুন কেন্দ্রটি ২০২৭ সালের মধ্যে চালু হতে পারে। এদিকে লাহতির মেয়র নতুন এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলে জানিয়েছেন।
