ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। সপ্তাহের শেষ কর্মদিবসে এই বৃষ্টির ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
এদিন ভোররাত থেকে শুরু হয় বৃষ্টি। সকাল ৮টার দিকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসে। কিছুটা বিরতি দিয়ে পৌনে ১১টার দিকে আবার বৃষ্টি নামা শুরু হয়। থেমে থেমে বৃষ্টির ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শাহবাগের আসার উদ্দেশে মিরপুর ১০ নম্বর থেকে বাসে ওঠেন বেসরকারি চাকরিজীবী এ রহমান। তিনি দেশ রূপান্তরকে বলেন, মিরপুর ১০ থেকে ১০টার দিকে বাসে উঠলাম। শাহবাগ যাব। কিন্তু বিজয় সরণি পর্যন্ত আসতেই দুই ঘণ্টা শেষ। এত জ্যাম, গাড়ি একটুও সরে না।
তিনি বলেন, বাইরে বৃষ্টি, গাড়ি থেকে যে নেমে হেটে যাব তাও সম্ভব না। কী একটা অবস্থা।
এয়ারপোর্ট থেকে মহাখালির উদ্দেশে যাওয়া মহিবুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে বাসে উঠেছি, দেড় ঘণ্টায় এখনো মহাখালিই যেতে পারলাম না। কখন যে পৌছাবো কে জানে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টিরও শঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪ থেকে ৫ দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।