মৌলভীবাজারে নাশকতাকারীদের ঠাঁই নেই: এমপি জিল্লুর

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী জামায়াত-শিবিরের চালানো তাণ্ডবের নিন্দা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. জিল্লুর রহমান। তিনি বলেন, যারা এদেশের মানুষের ভালো চায় না, এদেশের মানুষের উন্নতি চায় না এদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত শোক মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

শহরের বেরীরপাড় পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে তা শেষ। এ সময় সংক্ষিপ্ত পথসভায় এমপি জিল্লুর জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরকে নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রশিবির-জামায়াত প্রবেশ করে সাধারণ মানুষ আর শিক্ষার্থীদেরকে হতাহত করেছে। দেশের সম্পদ মেট্রোরেল-বিটিভিতে এরা হামলা চালিয়েছে। তাই এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি নাশকতাকারীদের সতর্ক করে বলেন, মৌলভীবাজারে জামায়াত-শিবিরের মতো সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এখানে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান তিনি। 

শোক মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী টোখন, গিয়াসনগর ইউপির চেয়ারম্যান গোলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমদ, সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ মোহাম্মদ সৈকতসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।