কোয়ার্টারে ভাগ্যের জোরে ব্রাজিল

পুরুষদের ফুটবলে টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল প্যারিসের আসরে কোয়ালিফাই-ই করতে পারেনি। ব্রাজিলিয়ানদের ভরসা তাই নারী দলের ওপর। নাইজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও জাপানের কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় পড়ে তারা। গত রাতে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হারে ব্রাজিল। তবে ভাগ্যকে পেয়েছে ব্রাজিল। গ্রুপে তৃতীয় হয়েও উঠেছে কোয়ার্টার ফাইনালে।

৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় হয়ে ‘এ’ গ্রুপের ফ্রান্স ও নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়েছিল মার্তাদের দল। নিউজিল্যান্ড বড় ব্যবধানে জিতলে কপাল পুড়ত ব্রাজিলের। তবে নিউজিল্যান্ড হেরে গেছে নিজেদের ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। স্বাগতিকদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল। তৃতীয় হওয়া ৩ দলের মধ্যে সেরা দুইয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ারও। কিন্তু ৩ পয়েন্ট থাকার পরও গোল গড়ে ব্রাজিলের (-২) চেয়ে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া (-৩)।

ম্যাচের ৬৮ মিনিটে স্পেনের হয়ে গোল করেন দেল ক্যাসতিলো। যোগ করা সময়ে গোল করেন অ্যালিক্সিস পুতিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে মার্তা সরাসরি লাল কার্ড দেখেন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্তা। লাল কার্ডে নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনালে দর্শক হয়েই থাকতে হবে মার্তাকে। তবে ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারলে আবার মাঠে নামতে পারবেন তিনি। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে রুপা জেতেন ব্রাজিল দলে থাকা মার্তা।