জোড়া স্বর্ণ ‘ফরাসি ফেলপসে’র

অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি কিংবদন্তি সাঁতারু ও রেকর্ড ২৩ সোনার মালিক মাইকেল ফেলপসও। কিন্তু ‘ফরাসি ফেলপস’ লিওঁ মারশাঁ গড়েছেন এ কীর্তি। মঙ্গলবার রাতে ২ ঘণ্টার ব্যবধানে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জোড়া স্বর্ণ জিতেছেন প্যারিস অলিম্পিকের পোস্টার বয় মারশাঁ। নারীদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন বিশ্বরেকর্ডের অধিকারী সুইডিশ সাঁতারু সারা ক্রস্ট্রাম। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে স্বর্ণ জিতে নিয়েছেন চীনের ঝানলে পান। আর সাঁতারে যুক্তরাষ্ট্রকে আসরে তৃতীয় স্বর্ণপদক এনে দিয়েছেন কেটি লেডেকি। নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে তিনি পেয়েছেন এ সম্মান।

লা দিফঁস অ্যারেনায় পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের স্বর্ণ জিতে অলিম্পিক শুরু করেছিলেন মারশাঁ। এবার পুরো ফ্রান্সই তাকিয়ে আছে তার দিকে। মারশাঁ পুলে নামছেন মানেই গ্যালারি থেকে ফরাসিদের সকণ্ঠ সমর্থন। এদিনও দেখা যায় একই চিত্র। মারশাঁর প্রথম ইভেন্ট ছিল ২০০ মিটার বাটারফ্লাই। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের মতো এই ইভেন্টেও নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন মারশাঁ। টোকিও অলিম্পিকে গড়া ক্রিস্তফ মিলাকের রেকর্ড ভাঙেন মারশাঁ। টোকিওতে হাঙ্গেরির মিলাক সময় নিয়েছিলেন ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড। মারশাঁ রেকর্ড ভাঙেন ১ মিনিট ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে। মারশাঁর চেয়ে ০.৫৪ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন মিলাক। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন।

নিজের দ্বিতীয় ইভেন্টেও অলিম্পিক রেকর্ড গড়েছেন মারশাঁ। ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন তিনি। অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি-কুক টোকিও অলিম্পিকে ২ মিনিট ৬.৩৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ডের অধিকারী ছিলেন। এবার তিনি পেয়েছেন রৌপ্য। নেদারল্যান্ডসের ক্যাসপার কর্বিউ পেয়েছেন ব্রোঞ্জ।

নারীদের ১০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্বরেকর্ডটা সারা ক্রস্ট্রামের। মঙ্গলবার রাতে এবারের আসরে নামার আগে ফেভারিট ছিলেন না এই সুইডিশ তারকা।  অলিম্পিক শুরুর মাত্র সপ্তাহখানেক আগেই যে এই ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন সারা। ফাইনালে সাত নম্বর লেনে সাঁতরানো ৩০ বছর বয়সী সারাই শেষ পর্যন্ত জেতেন স্বর্ণ। অলিম্পিকে এটি তার দ্বিতীয় স্বর্ণ। আট বছর আগে রিও অলিম্পিকে  ১০০ মিটার বাটারফ্লাইয়ে প্রথম স্বর্ণ জিতেছিলেন তিনি। এবার সারা সময় নিয়েছেন ৫২.১৬ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন প্রথম ৫০ মিটারে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের টোরি হাস্ক (৫২.১৬)। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হংকংয়ের শোভান হহি হয়েছেন

তৃতীয় (৫২.৩৩)।

নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলের রানী যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। এই ইভেন্টের সব রেকর্ডও তার দখলে। টোকিও অলিম্পিকে রেকর্ড গড়া সময়ের চেয়ে এবার ৫ সেকেন্ড কম সময় নিয়ে স্বর্ণ জেতার পাশাপাশি তিনি গড়েছেন অলিম্পিক রেকর্ডও (১৫ মিনিট ৩০.০২ সেকেন্ড)। এটা তার অষ্টম অলিম্পিক স্বর্ণপদক।

সাঁতারের শেষ ইভেন্টটি ছিল পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল। সেই ইভেন্টে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন চীনের ঝানলে পান। ৪৬.৬০ সেকেন্ড সময় নিয়েছেন পান। এ বছরের ফেব্রুয়ারিতে দোহায় ৪৬.৮০ সেকেন্ড সময় নিয়ে আগের বিশ্বরেকর্ডটি গড়া পানের পেছনে থেকে ৪৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল চালমার্স । ব্রোঞ্জ পেয়েছেন রোমানিয়ার দাভিদ পোপোভিচি।