পেকুয়ায় ২৫ গ্রাম প্লাবিত, ১০ হাজার মানুষ পানিবন্দি 

কক্সবাজারের পেকুয়ায় ৩দিন টানা প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের পানি ঢুকে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

পানিবন্দি হয়েছে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। পানির তোড়ে দুটি খালের চারটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে। বহু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট। পানিতে তলিয়ে গেছে ধানের বীজতলা ও সবজি ক্ষেত।

সরেজমিনে দেখা গেছে, টইটং ইউনিয়নের মালগারা, শের আলী মাস্টারপাড়া, আলেকদিয়া পাড়া, নিতান্তঘোনা, বটতলী, নতুনপাড়া, শিলখালী ইউনিয়নের পেঠান মাতবরপাড়া, আলী চাঁন মাতবরপাড়া, হাজিরঘোনা, জারুলবনিয়া, সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি, নন্দীরপাড়া, পূর্ব মেহেরনামা, উজানটিয়া ইউপির দক্ষিণ সুতাচূড়া কালারপাড়াসহ অন্তত ২৫ গ্রাম প্লাবিত হয়েছে।

টইটং ইউপির সদস্য আবদুল জলিল বলেন, পাহাড়ি ঢলে পুঁইছড়ি ও নুনাছড়ি খালের চারটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘টইটংয়ে অন্তত ৪টি পয়েন্টে পাহাড়ি ছড়ার বাঁধ ভেঙে গেছে। প্রায় ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চেয়ারম্যানকে দ্রুত সময়ে ভাঙা অংশ মেরামতের জন্য বলেছি।’