নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে কৌশলে জানালা খুলে ঘরের ভেতরে ঢুকে আলমগীর হোসেন (৪৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর (৪৫) সোনাকান্দা গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। এ সময় তার স্ত্রী আছমা আক্তার (৩৫) ছুরিকাঘাতে আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আছমা আক্তার বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জনের বোরকা পরিহিত একদল দুর্বৃত্ত কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে আলমগীরের পেটে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে আলমগীরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে নয়ন শেখ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সবুজ কাজী (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে। এলাকাবাসী জানান, পূর্বশত্রুতা ও স্থানীয় দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের ১৫-২০ জনের একটি গ্রুপ এই হত্যাকা-ে অংশ নেয়। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’