অন্যকে সাবধান করে নিজেই হামলায় মারা গেলেন মাসুদ পারভেজ

দেশের চলমান পরিস্থিতিতে আত্নীয়স্বজন ও সহকর্মীদের সাবধানে থাকতে বলেছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া। কিন্তু অন্যকে সাবধান করা মাসুদ পারভেজ নিজে সাবধানে থাকতে পারলেন না । কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার শিকার হয়ে মারা গেলেন তিনি। মাসুদ পারভেজ পিবিআই নারায়ণগঞ্জ জেলায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর রামপুরা–বনশ্রী এলাকায় পিটিয়ে আহত করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়াকে। রবিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান মাসুদ পারভেজ। গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কালান্দরে তাঁকে দাফন করা হয়।

ছুটির দিন হ্ওয়ায় বাসায় ছিলেন মাসুদ পারভেজ। তাকে বাসা থেকে বের হতে নিষেদ করেছিলেন পরিবারের সদস্যরা। নিষেদ অমান্য করে শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ছয়তলার বাসা থেকে নিচে নামেন মাসুদ পারভেজ। মাসুদ পারভেজকে এলাকার সবাই চিনতেন। রাস্তায় বের হলে আন্দোলনকারীরা তাকে চিনতে পারেন। পরে তার উপর হামলা চালায় আন্দোলনকারীরা। আঘাত করা হয় সারা শরীরে । ছিনিয়ে নেয়া হয় সাথে থাকা দুইটি ফোন ও মানিব্যাগ । এক মহিলা রক্তাক্ত অবস্থায় মাসুদ পারভেজকে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন করে জানানো হয়, মাসুদ পারভেজ ওই হাসপাতালে আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার লোকজন আলোচনা করছিলেন বনশ্রী প্রধান সড়কের পাশে ফরাজী হাসপাতালের সামনে পুলিশকে মেরে ফেলে রাখা হয়েছে। তারা আরও জানান পুলিশ পরিচয় পাওয়ার পর হামলা করা হয়।

মাসুদ পারভেজকে হারিয়ে দিশেহারা পরিবার। ছেলে মেয়েদের ভবিষ্যত নিয়ে চিন্তা পড়ে গেলেন স্ত্রী মেরিনা আক্তার।  মাসুদ পারভেজের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে উম্মে মাইশা স্নেহা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষে শিক্ষার্থী।  ছোট মেয়ে উম্মে মাহিরা নেহা এইবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। ছেলে আহনাফ মাহিন ভূঁইয়া অষ্টম শ্রেণিতে পড়ে।

মঙ্গলবার (২৩ জুলাই) মাসুদ পারভেজের স্ত্রী মেরিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায়  হত্যার ঘটনায় মামলা করেছেন। এতে বলা হয়, বিএনপি, জামায়াত–শিবির, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অজ্ঞতানামা দুর্বৃত্ত ও বিক্ষোভরত দুষ্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মাসুদ পারভেজের ওপর হামলা চালায়। মামলাটি তদন্ত করছে পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।