সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গণমিছিল, সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে গণমিছিল করছেন শিক্ষার্থীরা। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন এই এলাকা। পাশে সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা৷

শিক্ষার্থীরা বলছেন,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারা দেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা, জ্বালো জ্বালো আগুন জ্বালো, সৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, দিয়েছিতো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷