একটি হাতুড়ির জন্য প্রাণ গেল ৪ জনের

হাত ফসকে কুয়াতে পড়ে গিয়েছিল হাতুড়ি। সেই সামান্য হাতুড়ি উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুরে। খবর পেয়ে উদ্ধারে নামে পুলিশ। কুয়া থেকে ৪ জনকে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৪ জনের। 

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ছাতারপুর জেলার কুর্বাহা গ্রামে গুরার এলাকায় এক বাড়ির সামনে ছিল পরিত্যক্ত কুয়া। সেখানে কাজ করার সময় হাত ফসকে কুয়াতে পড়ে যায় হাতুড়ি। সেটি উদ্ধার করতে কুয়ায় নামেন বাড়ির মালিক। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ওই ব্যক্তি উঠে না আসায় বাড়ির আর এক সদস্য কুয়াতে নামেন। 

তবে নিচে নামার পর তারও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বাড়ির আরও দুই যুবক তাদের উদ্ধারে ওই কুয়াতে নামেন। এর পর তারাও আর উপরে ওঠেনি। বিষয়টি গুরুতর বুঝে এবার পুলিশের দ্বারস্থ হন গ্রামবাসীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে স্থানীয় গাধিমলেরহা থানার পুলিশ। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। সব রকম প্রস্তুতি নিয়ে কুয়ার ভিতর থেকে একে একে বের করে আনা হয় ৪ জনকে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৪ জনেরই। পুলিশ জানিয়েছে, মৃত চারজনের নাম মুন্না কুশওয়াহা, শেখ আলতাফ, শেখ আসলাম ও শেখ বশির।

এই দুর্ঘটনার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, অন্তত ১০ বছর ধরে বন্ধ ছিল ওই কুয়া। পুলিশের অনুমান, দীর্ঘ বছর ধরে ওই কুয়া বন্ধ থাকার জেরে সেখানে বিষাক্ত গ্যাস তৈরি হয়ে থাকতে পারে, যার জেরেই মৃত্যু হয় ওই ৪ জনের।