পৃথিবীর দ্রুততম মানবী বিশেষণটির রয়েছে আলাদা মাহাত্ম্য, দারুণ আবেগ। কে হবেন এই খেতাবের অধিকারী, তার নির্ণয় হবে আজ রাতে। জীবনের অন্ধকার সময় পেরিয়ে আবার ট্র্যাকে আলো ছড়ানো মার্কিন তারকা শাকারি রিচার্ডসন এই মুহূর্তে সবচেয়ে জোর দাবিদার এই খেতাবের। বয়সটা একটু বেশি হয়ে গেলেও জ্যামাইকার রানী শ্যালি-অ্যান ফ্রেজার-প্রাইসকে অবহেলা করার কোনো অবকাশ নেই। নতুনের অবগাহন তুলতে আছেন আইভরি কোস্টের ত্যে লু এবং ব্রিটেনের ড্যারিল নিতা। কার মাথায় উঠবে মুকুট!
টোকিও অলিম্পিকের আগে যুক্তরাষ্ট্রের ট্রায়ালে রেকর্ড গড়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন শাকারি। কিন্তু মাদক সেবনের অপরাধে নির্বাসিত হতে হয় তাকে। ওই ঘটনার তীব্রতায় খেলাটিই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে ছাড়েননি; বরং ফিরে আসেন স্বমহিমায়। একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ জিতে নিজেকে তৈরি করেছেন আজকের জন্য। শাকারির ভাষ্য, ‘আমি মানুষটা ঠিক কেমন, এখন সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ছোটখাটো কিছুর জন্য খেলি না। জীবনে স্বপ্নটা সব সময় বড় রাখি।’ গত বছর ১০০ মিটার দৌড় শেষ করতে ব্যক্তিগত সেরা ১০.৬৫ সেকেন্ড সময় নেন তিনি। গতকাল প্রথম রাউন্ডে নিয়েছেন ১০.৯৪ সেকেন্ড সময়। বদল এসেছে বেশভূষায়। বর্ণিল নয়, এখন তার চুল কালো। তবে রয়ে গেছে বাহারি নখের বাহার। পাল্টানো রূপ নিয়ে তিনি বলেছেন, ‘নিজের সেরা ছন্দে দৌড়াতে চাই। আমার রূপ সেটাই বলছে। স্বচ্ছ, তরতাজা এবং দ্রুতগতির। এবার আমি আরও বেশি আত্মবিশ্বাসী।’
শাকারিকে টেক্কা দিতে প্রস্তুত ৩৭ বছরের ফ্রেজার-প্রাইস। জ্যামাইকার ভার একা তার কাঁধেই। গত দুবারের স্বর্ণজয়ী এলাইনি থমসন-হেরা চোটে, দৌড়াবেন না শেরিকা জ্যাকসন। ২০০৮ ও ২০১২ আসরে দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইসের তাই শেষটুকু স্বর্ণালি করে নেওয়ার সুবর্ণ সুযোগ। হুঙ্কারের সঙ্গে তিনি বলেছেন, ‘মনে রাখবেন, এটাই আমার শেষ অলিম্পিক। প্রতিবার নিজের সেরাটা দিয়েছি। এবারও তার অন্যথা হবে না।’ দ্রুততম মানবী হওয়ার লড়াই থেমে নেই শুধু এই দুজনের মাঝে। শনিবার স্তাদে দ্য ফ্রাঁসে এ পদক উঠতে পারে নতুন কারও গলায়। প্রথম রাউন্ডে সবচেয়ে কম ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে নিজেকে জাহির করেছেন আইভরি কোস্টের ত্যে লু। ফ্রেজার-প্রাইসের সমান ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে শাকারির আগে শেষ করেছেন ড্যারিল নিতা। আছেন ১০.৯৫ সেকেন্ড সময়ে শেষ করা সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড ও কানাডার অড্রে লেডুক। কে দাঁড়াবেন পোডিয়ামের উঁচু অবস্থানটিতে, জানা যাবে আজই।