রাজপথে কবি-শিল্পী ও সাহিত্যিকদের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘গণহত্যা, দেশব্যাপী গ্রেপ্তার, নিপীড়নের’ প্রতিবাদ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সামনে এ কর্মসূচিতে অংশ নেন অনেকেই।

প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান, কবি কাজল শাহনেওয়াজ, টোকন ঠাকুর, আহমেদ স্বপন মাহমুদ, বকুল আশরাফ, কথাসাহিত্যিক আশরাফ জুয়েল, সাদাত হোসাইন, মোহাম্মদ নাজিমুদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরোজ মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন লেখক ফরিদুল ইসলাম নির্জন, কবি আল হাফিজ, পথিক রানা, ফারুক আহমেদ খান, সাম্য শাহ্, নাহিদ যাযাবর, রাকিব লিখন, মোস্তফা মাহাথির প্রমুখ।

বক্তব্যে শহীদুল্লাহ ফরায়েজী বলেন, ‘গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে একজন লেখক বেঁচে থাকলে প্রতিবাদ চলবে প্রতিমুহূর্তে।’ কবি টোকন ঠাকুর বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে যা ঘটল তাতে আমরা স্তব্ধ। এর মাঝে আমরা কোনো হত্যার বিচার চাই না, কার কাছে চাইব?’ ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘স্বাধীন দেশে এমন নির্মমতা মেনে নেওয়া যায় না।’

কথাসাহিত্যিক সাদাত হোসাইন বলেন, ‘যে চেতনায় স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, যে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নাগরিক অধিকার নিয়ে থাকতে চেয়েছিলাম, তা ক্রমশই হারিয়ে যাচ্ছে, গেছে।’

কর্মসূচির অন্যতম সমন্বয়ক লেখক ও সাংবাদিক আবিদ আজম বলেন, ‘শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা।’