নিজ নিজ হিটে ষষ্ঠ হয়ে বিদায় ইমরান ও সোনিয়ার

লক্ষ্য পূরণ হলো না স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুনের। দুজনের ব্যর্থতায় শেষ হলো বাংলাদেশের আরেকটি অলিম্পিক মিশন।

শনিবার খুব কাছাকাছি সময়ে নিজ নিজ ইভেন্টে নেমেছিলেন ইমরান ও সোনিয়া। ইমরান ১০০মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডের ৬নম্বর হিটে অংশ নেন। সেই হিট শুরুর আগে সেরা টাইমিংয়ের দিক থেকে তিনি ছিলেন দ্বিতীয়। নিজের আগের সেরা (১০.১১) দৌঁড়াতে পারলে অনায়াসেই চলে যেতে পারতেন পরের রাউন্ডে। তবে তার চেয়ে অনেক বেশি সময় নিয়ে দৌঁড়ে হিটে হয়েছেন ষষ্ঠ। সময় নিয়েছেন ১০.৭৩ সেকেন্ড। সম্মিলিতভাবে ৪৫জন প্রতিযোগীর মধ্যে হয়েছেন ২৫তম। অথচ নিজ হিটে সেরা দুইয়ে থাকলেই পরের ধাপে যেতে পারতেন যুক্তরাজ্য প্রবাসী ইমরান।  

একই পরণতি সোনিয়ার। ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে পরীক্ষা দিতে নেমেছিলেন এই সাঁতারু। তিন নম্বর হিটে আটজনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। সোনিয়ার সেরা টাইমিং ছিল ৩০.১১ সেকেন্ড যেটি তিনি গড়েছিলেন গত বছর এশিয়ান গেমসে। প্যারিসে তিন নম্বর হিটে টাচলাইন ছুঁয়েছেন ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে। সম্মিলিতভাবে ৭৯জনের মধ্যে সোনিয়া হয়েছেন ৬৪তম।

 

অর্থাৎ, নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে লক্ষ্য নিয়ে নেমেছিলেন দু'জন সেটা কারই পূরণ হলো না। এর মধ্যে দিয়ে আরেকটি ব্যর্থ মিশন শেষ হয়েছে বাংলাদেশের। এই দুই ক্রীড়াবিদের আগে প্যারিস অলিম্পিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন আরচার সাগর ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও শুটার রবিউল ইসলাম। এর মধ্যে কেবল সামিউল নিজের সেরা টাইমিং করতে পারেন। বাকীদের পারফরম্যান্স যাচ্ছেতাই।