সাকিবকে যে কারণে ভীষণ পছন্দ আসিফের

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:৩৪ এএম

দুজন দুই ভুবনের বাসিন্দা। যার যার ক্ষেত্রে তারা সফল। আবার পার্থক্যও আছে বিস্তর। সাকিব আল হাসানের ক্যারিয়ার যেমন পরিপূর্ণতা পেয়েছে, শুটার আসিফ হোসেন খানের ক্যারিয়ার থমকে গেছে অকালেই। কিন্তু কেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই শুটার অকালেই থেমে গেলেন? দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে সেই কথাই শোনালেন আসিফ। উঠে এলো সাকিব আল হাসানের প্রসঙ্গও।

আসিফ এবং সাকিব দুজনেই বিকেএসপির ছাত্র। সেখান থেকেই তাদের উত্থান। নিজের ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে সাকিবের সঙ্গে তুলনা টানেন আসিফ, ‘আমি সিরিয়াস হইনি। আমি অন্যের জন্য খাটতে পারব, কিন্তু নিজের জন্য পারব না। এরকম একটা মানসিকতা ছিল। অনেকে পারে। যেমন সাকিব (আল হাসান)। যা কিছুই করুক কিংবা ঘটুক, সে তার পারফরম্যান্সটা ঠিক রাখে। পারফরম্যান্সে কোনো প্রভাব পড়তে দেয় না। এজন্য তাকে আমার খুব পছন্দ। সিরিয়াস না হওয়ায় আমার তখন যা করা উচিত ছিল এবং যা করা উচিত ছিল না, সেটা বুঝিনি।’

তরুণ খেলোয়াড়েরা বিকেএসপি ছাড়ার পর অনিশ্চয়তার মাঝে পড়ে যায়। কেউ সুযোগ পায়, আবার কেউ সুযোগের অভাবে হারিয়ে যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে আবারও সাকিবের প্রসঙ্গ টানেন আসিফ, ‘কেএসপিতে নিয়মতান্ত্রিকভাবে সবকিছু হয়। কিন্তু উচ্চমাধ্যমিকের পর বের হলে তাদের গাইড করার কেউ থাকে না। তাই বেশিরভাগই হারিয়ে যায়। আবারও সাকিবের কথা বলতে হয়। বিকেএসপি ছাড়ার পর সাকিবকে যদি সালাউদ্দিন স্যার গাইড না করতেন, তাহলে সে দাঁড়াতে পারত না। বছর দুই আগে অবশ্য বিকেএসপিতে অনার্স চালু করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত