শিক্ষার্থী-জনতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের গণমিছিলে দিনভর উত্তাল ছিল ফেনী। শিক্ষার্থীরা সরকারের পদত্যাগসহ বেশকিছু দাবি তুলে স্লোগানে স্লোগানে সড়ক মুখরিত করে তোলেন। এতে শহরে দুই ঘণ্টা যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
শনিবার (৩ আগস্ট) জোহরের নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। তবে এ নিয়ে পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
জানা গেছে, ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে জোহরের নামাজের পর শহরের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ইসলামপুর রোড হয়ে খেজুর চত্বরে আসলে তারা সড়কে বসে অবস্থান নেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে। পরে আবারও মিছিল নিয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে যান শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা- ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারোর বাপের না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ স্লোগান দেন।
এদিকে গণমিছিল ঘিরে শহরের জহিরিয়া মসজিদ, ইসলামপুর রোড ও ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
মো. সাইফুল আলম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের ভাই-বোন ও সাধারণ মানুষের ওপর যে ন্যক্কারজনক হামলা চালিয়ে হত্যা করেছে এসবের প্রতিবাদের ভাষা নেই। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।