দ্রুততম জলমানব ম্যাকএভয়

পৃথিবীর দ্রুততম জলমানব এখন অস্ট্রেলিয়ার ক্যামেরন ম্যাকএভয়। প্যারিস অলিম্পিকে শুক্রবার রাতে ৫০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণ জিতে এ খেতাব নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এ সাঁতারু। সেই সঙ্গে সাঁতারের সবচেয়ে সংক্ষিপ্ততম সংস্করণটিতে অস্ট্রেলিয়াকে প্রথম স্বর্ণ এনে দেন ম্যাকএভয়।

অলিম্পিক পুলের দৈর্ঘ্য হয় ৫০ মিটার। তাই এ ইভেন্টে শক্তি আর গতিই হয়ে ওঠে সাঁতারুদের বড় নিয়ামক। এ ইভেন্টের বিজয়ীর জোটে দ্রুততম জলমানব কিংবা জলমানবীর মুকুট। লা দিফঁস অ্যারেনায় ইভেন্টটি শুরুর আগে সবচেয়ে ফেভারিট ছিলেন যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেল। গত অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন তিনি। তবে এদিন তাকে ছাপিয়ে যান ম্যাকএভয়। ২১.২৫ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং দেয়াল ছোঁন তিনি।

২১.৩০ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন গ্রেট ব্রিটেনের বেন প্রড। এই ইভেন্টে এটি গ্রেট ব্রিটেনেরও প্রথম পদক। আর ২১.৫৬ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ জিতেছেন টোকিও গেমসের রুপাজয়ী ফ্রান্সের ফ্লোরেন্ত মানাউদু। আর সেলেব ড্রেসেল এবার হয়েছেন ষষ্ঠ।

ম্যাকএভয়ের দ্রুততম জলমানব হওয়ার রাতে অস্ট্রেলিয়াকে আরও একটি স্বর্ণ এনে দিয়েছেন কেইলি ম্যাককিয়ন। নারীদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্বরেকর্ডের পর প্রত্যাশিতভাবেই এবার অলিম্পিক রেকর্ড নিজের করে নিয়েছেন কেইলি। তাতে অলিম্পিকে ‘ডাবল-ডাবল’ জেতার কীর্তি গড়লেন তিনি। এবার থেকে কেইলিকে ডাকা যাবে ব্যাকস্ট্রোকের রানী হিসেবে।

গত বছরের মার্চে সিডনিতে ২ মিনিট ৩.১৪ সেকেন্ড সময় নিয়ে ইভেন্টটির বিশ্বরেকর্ড গড়েছিলেন কেইলি। শুক্রবার রাতে ২ মিনিট ৩.৭৩ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন। ছাপিয়ে যান যুক্তরাষ্ট্রের মিসি ফ্র্যাঙ্কলিনের গড়া অলিম্পিক রেকর্ডটিকে। ২৩ বছর বয়সী কেইলি ১০০ মিটারের মতো এ ইভেন্টেও পিছে ফেলেছেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথকে। ধরে রেখেছেন টোকিও অলিম্পিকের সাফল্য। এর আগে অস্ট্রেলিয়ার কোনো সাঁতারু টানা দুই অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশগ্রহণই করেননি। সেখানে টানা দুই অলিম্পিক মিলিয়ে এ চার ব্যক্তিগত ইভেন্ট থেকে স্বর্ণপদক জিতে ‘ডাবল-ডাবল’ কীর্তি গড়লেন ব্যাকস্ট্রোকের রানী।

এমন স্বপ্ন দেখেছিলেন কি না জানতে চাইলে কেইলি বলেন, ‘মিলিয়ন বছরেও নয়। সত্যি করে বললে, এর চেয়ে বেশি কিছু চাওয়ার আমার নেই।’ এই ইভেন্টে ২ মিনিট ৪.২৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ। ২ মিনিট ৫.৫৭ সেকেন্ডে শেষ করে কানাডার কাইলি মাসে জিতেছেন ব্রোঞ্জ।