মাঝেমধ্যেই শোনা যেত, পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করতে আগ্রহী দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। কিন্তু এবার তিনি পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাকে এই অধিনায়ককে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ‘ক্রিকেট পাকিস্তান’।
‘সুলতান অব সুইং’ খ্যাত এই পেসারকে পারিবারিক প্রয়োজনে প্রায়ই অস্ট্রেলিয়ায় যেতে হয়। এ কারণেই নাকি তিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব নিতে রাজি নন। নতুন দায়িত্বের বিষয়ে আকরামের সঙ্গে সাক্ষাত করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। তাকে আকরাম জানিয়েছেন, এই দায়িত্ব নিতে না পারলেও পাকিস্তান ক্রিকেটের যেকোনো প্রয়োজনে তিনি থাকবেন।
ক্রিকেট পাকিস্তান আরও জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে আকরামকে কাজ করার প্রস্তাব দেন নাকভি। কারণ তিনি পিসিবি চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হওয়ারও সম্ভাবনা আছে তার। তাই ব্যস্ততা কমাতেই তিনি কিছু দায়িত্ব আকরামকে দিতে চেয়েছিলেন।