ভারতের বিপক্ষে সিরিজের মাঝে শ্রীলঙ্কা দলটি যেন মিনি হাসপাতাল হয়ে উঠেছে। একের পর এক চোটের আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা আরেকটি বড় ধাক্কা খেল। এবার হ্যামস্ট্রিং চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
গত শুক্রবার কলম্বোয় প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গা। পরে এমআরআই স্ক্যানে তার চোট ধরা পড়ে। ওই ম্যাচে ১০ ওভারে ৫৮ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ম্যাচটি শেষ পর্যন্ত টাই হয়েছিল।
হাসারাঙ্গার বদলি হিসেবে দলে যুক্ত করা হয়েছে ৩৪ বছর বয়সী লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে। এই সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে পড়েন শ্রীলঙ্কার দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। অসুস্থতার কারণে আগে থেকে নেই আরেক পেসার দুশমন্ত চামিরা। আগামী রবিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।