রিয়াল মাদ্রিদকে হারিয়ে এল ক্ল্যাসিকোতে জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে কাতালানরা জিতেছে ২-১ ব্যবধানে। জোড়া গোল করেছেন ভিক্টর ডেলগাডো। আর ম্যাচের শেষের দিকে রিয়ালের হয়ে ব্যবধান কমান নিকো পাজ।
মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। তবে ভিক্টররের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন কোর্তোয়া। গোল না পেলেও গতিময় ফুটবলে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের চাপে রাখে। ৪২তম মিনিটে এগিয়ে যায় কাতালানরা। অ্যালেক্স ভালের ক্রসে বল পেয়ে বক্সের ভিক্টরের উদ্দেশে বাড়ান লেভানডফস্কি। দারুণ হেডে সেই বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ভিক্টর।
বিরতির পর ৫৪তম মিনিটে ভালের দারুণ এক পাসে ভিক্টর স্কোরলাইন ২-০ করে ফেলেন। ৮২তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে গোল করে ব্যবধান কমান পাজ। শেষ পর্যন্ত ওই স্বান্ত্বনাটুকু নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। ম্যাচে রিয়ালের ৫১ শতাংশ বল রিয়ালের দখলে ছিল আর বার্সার দখলে ছিল ৪৯ শতাংশ। রিয়াল ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে, আর বার্সার ১১ শটের ৬টি ছিল লক্ষ্যে।