হেরে গিয়েও ভাইরাল ফরাসি অ্যাথলেট; কারণটা 'বিশেষ'

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমসে কত ঘটনাই তো ঘটে। খেলোয়াড়দের সঙ্গে ভাগ্যও কখনো কখনো প্রতারণা করে। যেমনটা ঘটেছে ফ্রান্সের পোল ভল্টার অ্যান্থনি আম্মিরাতির সঙ্গে। পোল ভল্টের হিটে তিনি ১৫তম হয়েছেন। তিন বারের চেষ্টাতেও ৫.৭০ মিটারের বাধা অতিক্রম করতে পারেননি। তারপরও তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ভিন্ন কারণে।

পোল ভল্টের হিট থেকে প্রথম ১২ জন ফাইনালে উঠেছেন। ৫.৪০ মিটার এবং ৫.৬০ মিটারের উচ্চতা একবারেই টপকে যান আমিরাতি। কিন্তু ফাইনালে ওঠার জন্য তাকে ৫.৭০ মিটার উচ্চতা টপকাতে হতো। কিন্তু তিন বারের প্রচেষ্টায় সেই উচ্চতা অতিক্রম করতে পারেননি ফ্রান্সের এই অ্যাথল্যাট। তার ৫.৭০ মিটারের উচ্চতা টপকানোর দ্বিতীয় প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেই প্রচেষ্টায় পোলে ভর করে সঠিকভাবে নিজের শরীর যথাযথ উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন আমিরাতি। কিন্তু হাইট বার পার হওয়ার সময় তার পা লেগে যায়। এতে হাইট বার নড়লেও পড়ে যায়নি। কিন্তু পরমুহূর্তেই তার পুরুষাঙ্গ ধাক্কা খায় হাইট বারের সঙ্গে! এই ধাক্কায় হাইট বার নিচে পড়ে যায় এবং আম্মিরাতির প্রচেষ্টা আবার ব্যর্থ হয়। এরপর আরও একবার চেষ্টা করেও তিনি পারেননি।

পুরুষদের পোল ভল্টে ৫.৭৫ মিটার উচ্চতা অতিক্রম করে হিটে প্রথম হয়ে ফাইনালে উঠেছেন সুইডেনের আর্মান্ড ডুপ্লান্টিস। একই উচ্চতা অতিক্রম করে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন নরওয়ের সোন্ড্রে গাট্রমসেন এবং গ্রিসের এমানোউইল কারালিস।