উত্তরায় সংঘর্ষে আ.লীগ নেতার মৃত্যু, গুলিবিদ্ধ ৩২

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩২ জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা মৃত্যু হয়। তিনি ঢাকা মহানগর উত্তর এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (আনোয়ার)। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল এগারোটা থেকে দুপুর ১টা পর্যন্ত রিকশা-ভ্যানযোগে কুয়েত মৈত্রী হাসপাতালে শিশুসহ একাধিক গুলিবিদ্ধ আন্দোলনকারীদের নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইমন সরকার, মাইলস্টোন কলেজের সাবেক শিক্ষার্থী, ফাহিম আহমেদ, নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের অবস্থা আশঙ্কাজনক। সেখানে আহত শিক্ষার্থীদের সাথে থাকা শিক্ষার্থীরা উত্তেজিত ও মারমুখী হয়ে উঠে। এ হাসপাতালে ৩২ জনের মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানান কর্মরত ডাক্তাররা। কিন্তু সেখানে চিকিৎসা নিতে আসা অনেকেই এ সংখ্যা অনেক বেশি বলে দাবি করেন। এছাড়া ক্রিসেন্ট হাসপাতালে ১৩ জন গুলিবিদ্ধ রোগীর চিকিৎসা দেয়ার তথ্য পাওয়া গেছে।

গুলির বিষয়ে জানতে চাইলে ডিএমপি উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন কর দেশ রূপান্তরকে জানান, আমরা একটি গুলি, টিয়ারশেল ছুড়িনি। আপনার কাছ থেকে জানতে পারলাম এতজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এছাড়াও পুলিশের একাধিক কর্মকর্তা বলছে, সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে এবং উত্তরার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।