সহিংসতার তদন্ত

সৈয়দপুর বিমানবন্দর থেকে ফিরে গেল তদন্ত কমিশন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জড়িত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্যরা রংপুর যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে গেছেন। তারা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ ৭ জন নিহত হওয়ার ঘটনা তদন্তের কাজে ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন।

রবিবার দুপুর ১২টার দিকে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বাধীন কমিশনের তিন সদস্য ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরে পৌঁছেন। এরপর সেখান থেকে রংপুরে যাওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সায় না পাওয়ায় বিকাল ২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে ফিরে যান ঢাকায়। 

সংবাদ সম্মেলনে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ সম্ভব হবে না বলে প্রতীয়মান হচ্ছে। তাই কমিশন সদস্যরা সৈয়দপুর বিমানবন্দরে কয়েকঘণ্টা অপেক্ষা করে ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি স্বাভাবিক হলে কমিশন তদন্ত কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে রংপুরসহ দেশের বিভিন্ন ঘটনাস্থলে যাবে এবং প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য গ্রহণ করবে।

গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করার পাশাপাশি রংপুরে ঘটনাস্থলগুলো পরিদর্শন করার কথা ছিল তদন্ত কমিশনের। কর্মসূচির তালিকা অনুযায়ী, সোমবার ৫ আগস্ট সকালে কমিশনের সদস্যদের রংপুর সার্কিট হাউসে সাক্ষ্যগ্রহণ করার কথা ছিল। পরদিন ৬ আগস্ট নিহত আবু সাঈদ, সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো: মানিক মিয়ার বিষয়ে এবং ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্যগ্রহণের কথা ছিল।

এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি জানিয়েছেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন দুপুর ১২টায় রংপুরে আসার কথা থাকলেও আসেনি। নিরাপত্তাজনিত কারণে তদন্ত কমিটির সফর স্থগিত হয়েছে।